ডেস্ক রিপোর্ট : এক সিনেমায় অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাডুকোন। এমনই আভাস দিলেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। পরিচালক রোহিত শেট্টির ‘সিংহাম এগেইন’ সিনেমার জন্যই এই মহাজোট। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
বলতে গেলে বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহাম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগণ। তারপর আসে ‘সিংহাম রিটার্নস’।
আবারও সুপারহিট হয় অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার।
এবার ‘সিংহাম এগেইন’-এর পালা। আর তাতে দীপিকা পাডুকোনকেও দেখা যাবে বলে খবর। এমনটি-ই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
শনিবার পূজার ছবি শেয়ার করে ‘সিংহাম এগেইন’-এর শুটিং শুরুর খবর দিয়েছেন রোহিত শেট্টি, অজয় দেবগণ ও রণবীর সিং। এই মুহূর্তে দেশে নেই অক্ষয় কুমার। তাই পুজায় অংশগ্রহণ করতে পারেননি। এর জন্য আক্ষেপও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে দীপিকা এখনও এ নিয়ে কোনো পোস্ট করেননি।
আগামী বছর ১৫ আগস্ট মুক্তি পাবে ‘সিংহাম এগেইন’। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি। বলতে গেলে বক্স অফিসে দাক্ষিণাত্য ও বলিউডের সম্মুখ সমর হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 




























