ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে দেড়শ’ বা তার বেশি রানে এগিয়ে থেকে ভারত কখনোই নিজেদের মাটিতে টেস্ট ম্যাচ হারেনি। সেখানে ১৯০ রানে পিছিয়ে থেকেও স্বাগতিকদের বিপক্ষে জয়ের মাহাত্ম্য টের পাচ্ছেন বেন স্টোকস। হায়দরাবাদে তুমুল প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচে ২৮ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১এ সমতা ফেরানোর পর ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন এটিই তার সেরা, ‘আমি অধিনায়কত্ব নেওয়ার পর থেকে দল হিসেবে আমরা অনেক চমৎকার মুহূর্ত কাটিয়েছি। দারুণ কিছু জয় পেয়েছি, দুর্দান্ত কিছু ম্যাচের অংশ ছিলাম।
তবে আমার মনে হয়, আমরা কোথায় এবং কাদের বিপক্ষে খেলেছি, সেগুলোর মধ্যে এটা নিশ্চিতভাবেই আমাদের সেরা জয়। অধিনায়ক হিসেবে প্রথমবার এই কন্ডিশনে খেলতে এসেছি। আমি একজন পর্যবেক্ষক, আমি দেখেছি ভারত কীভাবে মাঠে তাদের কাজটি করে।’ ২০২২ সালের মে মাসে ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব নেওয়া স্টোকসের অর্জনের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এই অলরাউন্ডার নেতৃত্ব পাওয়ার পর ১৯ টেস্টের ১৪টিতেই জিতেছে ইংলিশরা।
যেখানে রয়েছে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। তবে স্টোকসের সবচেয়ে বেশি মনে ধরেছে হায়দরাবাদ টেস্ট জয়, ম্যাচ শেষে সেটাই বললেন ইংলিশ অধিনায়ক। স্পিন উইকেটে ভারতের বিপক্ষে ইংলিশদের দুর্দান্ত এই জয়ের দুই নায়ক অলিভার পোপ ও টম হার্টলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ১৯৬ রানের মাস্টারক্লাস এক ইনিংস খেলেন এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর দলে ফেরা পোপ। মূল কাজ বোলিং হলেও ব্যাট হাতে কার্যকর অবদান রাখেন অভিষিক্ত হার্টলি।
অষ্টম উইকেটে পোপের সঙ্গে ৮০ রানের জুটি গড়ার পথে ৩৪ রান করেন তিনি। প্রথম ইনিংসে প্রচুর রান দেওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয়ভাগে ছড়ান আলো। ৬২ রানে ৭ উইকেট নিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং প্রায় একাই গুঁড়িয়ে দেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেস্ট অভিষেকে ইংল্যান্ডের কোনো স্পিনারের সেরা বোলিং এটি। দুই সতীর্থকে স্তুতিতে ভাসাতে একদমই ভোলেননি স্টোকস, ‘ম্যাচটি সবার জন্য রোমাঞ্চকর ছিল। টম হার্টলি ৯ উইকেট নিয়েছে, কাঁধের অস্ত্রোপচারের পর এই প্রথম টেস্টে ফিরেছে অলি পোপ।
টম প্রথমবারের মতো দলে এসেছে, সে অনেক কিছু শুনেছে এবং অনেক আত্মবিশ্বাসী ছিল। (প্রথম ইনিংসে) যা-ই ঘটুক না কেন, আমি তাকে লম্বা স্পেল দিতে রাজি ছিলাম। এই কারণেই সে সাত উইকেট পেল এবং আমাদের ম্যাচ জিতিয়ে দিল কিনা, কে জানে? জো রুটের বিশেষ কিছু ইনিংস দেখেছি, কিন্তু কঠিন উইকেটে পোপের ইনিংসটাই আমার কাছে উপমহাদেশে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সেরা ইনিংস।’

নিজস্ব প্রতিবেদক 


























