ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের ফাইনালে হারের পর স্তব্ধ হয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে দেখিয়েছেন সমর্থকদের ট্রফি জয়ের স্বপ্ন।
নিজেদের মাঠে ১ লাখ ৩২ হাজার দর্শকের সমর্থনে যেখানে প্রতিপক্ষকে পিলে চমকে দেয়ার কথা, সেখানে হয়েছে উল্টোটা। সমর্থকদের হতভম্ব করে, নীল ঢেউ থামিয়ে হলুদের উৎসব দেখেছে বিশ্ব। বিশ্বকাপের ফাইনালে হারের কষ্টে ক্রিকেটের বাইরে নিজেকে রেখেছেন।
হোমে সাদা বলের সিরিজ থেকে দূরে, এমনকি দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিয়েছেন বিরতি। তবে শেষ পর্যন্ত নীরবতা ভেঙ্গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লন্ডনে ছুটি কাটিয়ে ভারতে ফেরার পর আজ নিজের ইনস্টাগ্রামে ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন রোহিত।তাঁর এই ভিডিওটি পোস্ট করেছে আইপিএলে তার ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স।
স্বপ্নভঙ্গের বেদনায় কাতর রোহিত বলেছেন-‘৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট দেখে বড় হয়েছি। আমার কাছে এটাই ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। এতো বছর ধরে পরিশ্রম করেছি শুধু এই বিশ্বকাপ জেতার জন্যই।এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম, সেটাই সত্যি হল না। শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। হতাশ হওয়ারই কথা।’
বিশ্বকাপে ব্যর্থতার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি-‘বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল। কী করব বুঝতে পারছিলাম না। তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম।’
সমর্থকদের জন্য তার কষ্টটা বেশি হচ্ছে-‘সমর্থকরা আমার পাশে ছিলেন। বিশ্বকাপে আমরা যে ভাবে খেলেছি, তার জন্য প্রশংসা করছেন তাঁরা। তা সমর্থকদের জন্য খারাপ লেগেছে। ওরা সব সময় পাশে ছিল। আমরা বিশ্বকাপ জিতব, এ স্বপ্ন দেখেছেন তারা। বিশ্বকাপের সময় আমরা যেখানে যেখানে গেছি, সেখানেই সমর্থন পেয়েছি। মাঠে যাঁরা এসেছেন, বাড়ি বসে যাঁরা দেখছেন, তারাও সবাই আমাদের পাশে ছিলেন। তাঁদের সকলকে ধন্যবাদ। কিন্তু এই নিয়ে ভাবতে গেলেই আমার মধ্যে হতাশা কাজ করে। আমরা এই সমর্থকদের শেষ পর্যন্ত আনন্দ দিতে পারিনি।’
সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে নতুনভাবে শুরু করার অঙ্গীকার করেছেন রোহিত-‘ক্রিকেটারদের উপর কী ধরনের চাপ থাকে, তা সমর্থকদেরও বুঝতে হয়। আমরা খুবই ভাগ্যবান যে, হারের পরেও সমর্থকরা আমাদের উপর রাগ, ক্ষোভ দেখাননি। বরং ভালবাসা জানিয়েছেন। আমরা আবার নতুন ভাবে শুরু করব। আবার পুরস্কার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ব।’

নিজস্ব প্রতিবেদক 



























