ডেস্ক রিপোর্ট : নারী ফুটবল বিশ্বকাপে আজ ফ্রান্সের মুখোমুখি ব্রাজিল। প্রথম ম্যাচে পানামাকে গুঁড়িয়ে দারুণ সূচনা করে সেলেসাও নারীরা। আজ দ্বিতীয় জয়ের খোঁজে নামছে লাতিন দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৪টায়।
২১ বছর বয়সী অ্যারি বোরহেস হ্যাটট্রিক করে প্রথম ম্যাচে জেতান ব্রাজিলকে। ওই ম্যাচে বেঞ্চে বসে থাকা অভিজ্ঞ মার্তাকে ৭৫ মিনিটে বোরহেসের বদলি হিসেবে নামানো হয়। আজও তার একাদশে থাকা অনিশ্চিত।
নারী ফুটবল ইতিহাসেরই সেরা স্ট্রাইকার বিবেচিত মার্তা। এটি তার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। নারী ও পুরুষ মিলিয়ে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। নারীদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তারই দখলে। তিনি করেছেন ১৭ গোল।
বিশ্বকাপে ব্রাজিল একবারই ফাইনালে ওঠে। ২০০৭ সালের ফাইনালে মার্তার দল হেরে যায় জার্মানির কাছে। ২০১১ সালে তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। পরের দুই আসরে তাদের বিদায় ঘটে শেষ ষোলো রাউন্ডে।
এবার প্রথম ম্যাচে ব্রাজিল জিতলেও জ্যামাইকার সঙ্গে ড্র করে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। তাই তাদের অর্জন মাত্র এক পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে টেবিলের শীর্ষে ব্রাজিল। তাদের পরে ফ্রান্স, জ্যামাইকা। শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে নবাগত দল পানাম। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় জ্যামাইকার মুখোমুখি হবে পানামা।
আজ দুপুরে ‘জি’ গ্রুপের ম্যাচে লড়বে সুইডেন ও ইতালি। সুইডেন প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ও ইতালি আর্জেন্টিনাকে হারায়। শুক্রবার ২-২ গোলে ড্র করে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। আজ সুইডেন-ইতালি ম্যাচের বিজয়ী উঠে যাবে শেষ ষোলোয়।

নিজস্ব প্রতিবেদক 


























