ক্রীড়া ডেস্ক : উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের মনে কাঁপুনি ধরিয়ে ছিল নেদারল্যান্ডস। তারপর বাংলাদেশের বিপক্ষেও দুর্দান্ত জয় তুলে নিয়ে স্বপ্ন দেখছিল সেমিতে খেলার। কিন্তু আফগানিস্তানের সঙ্গে আর পেরে উঠলো না ডাচরা। ফলে সেমিতে যাওয়ার পথটা তাদের জন্য কঠিনই হয়ে গেলো।
শুক্রবার (৩ নভেম্বর) লক্ষ্ণৌয়ে টস জিতে ব্যাট করতে নেমে আফগান ঘূর্ণিতে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাবে ৭ উইকেট ও ১১১ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান। সেই সঙ্গে নিজেদের সেমির স্বপ্ন টিকিয়ে রাখে রশিদ-নবীরা।
এমন হারের ম্যাচে বিরল এক রেকর্ড গড়ে নেদারল্যান্ডস। যা ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে আর কারো নেই। এই ম্যাচে ডাচদের প্রথম পাঁচ ব্যাটারের চারজনই রানআউটের শিকার হন। যা ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে প্রথম।
ম্যাচে প্রথম রানআউটের শিকার হন ম্যাক্স ও’ডাউড। উদ্বোধনী জুটিতে ভালোই সংগ্রহ পাচ্ছিল নেদারল্যান্ডস। আফগান বোলাদের পিটিয়ে ৬ এর ওপরে রান তুলছিলেন তারা। কিন্তু ১২তম ওভারে ডাবলস নিতে গিয়ে আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোয়ে রান আউটের ফাঁদে পড়েন ও’ডাউড।
৭০ রানের জুটি ভাঙার পর বড় ভাঙনের মুখে পড়ে ডাচ ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৭৩ রান থেকে ১৭৯ রানে গুটিয়ে যায় ডাচরা। ম্যাচের ১৯তম ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন অ্যাকারম্যানও। এটি ছিল নেদারল্যান্ডসের তৃতীয় উইকেট। অ্যাকারম্যানের পর ব্যাটিংয়ে নামেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথম বল সুইপ করতে গিয়ে ঠিকমতো খেলতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয় বল উইকেট ছেড়ে খেলতে গিয়ে মিস করেন। সেই সুযোগে বল নিয়ে আফগান উইকেটকিপার ইকরাম আলিখিল স্টাম্প ভেঙে দেন। দুই বলে দুই রান আউট!
চারে নামা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়ার দিকেই এগুচ্ছিল ডাচরা। কিন্তু ম্যাচের ৩৫তম ওভারে সিঙ্গেল নিতে গিয়ে মোহাম্মদ নবীর থ্রোয়ে রান আউটের ফাঁদে পড়েন তিনি। সেই সঙ্গে ডাচরা রান আউটে হারায় চতুর্থ উইকেট।

নিজস্ব প্রতিবেদক 



























