ডেস্ক রিপোট: শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও আফগানিস্তানকে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল। এবার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ ওভারে হেরেছে তারা।
শুক্রবার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে তৃতীয় স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়া।
টসে জিতে আগে ব্যাট করা আফগানিস্তান ৪৯.২ ওভারে ২০১ রানে অলআউট হয়। জবাবে অজিরা ৫ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
আফগান বোলাররা এই ম্যাচে মোট ২৭টি অতিরিক্ত রান দিয়েছে। যার ভেতর ২৬টি ছিল হোয়াইড। খেলার ফলাফল নির্ধারণে এটিই বড় ভূমিকা রাখে।
ইজাজ আহমাদ আহমাদজাইয়ের দারুণ ফিফটি করে করে দলকে দুইশ রানের গণ্ডি পার করান। ৫ চার ও ৫ ছক্কায় সাহায্যে ৭৯ বলে ৮১ রান করেন। এ ছাড়া ওপেনার মোহাম্মাদ ইসহাক তোলেন ৬০ বলে ৩৪ রান। অধিনায়ক সুলিমান সফি ৭০ বলে ৩৭ রান করে পাভিলিয়নে ফেরেন।
অস্ট্রেলিয়ার হয়ে ৩১ রানে ৩ উইকেট নেন নিভেথান রাধাকৃষ্ণ। ৪৩ রানে ৩ উইকেট পান উইলিয়াম সালজমান। ৩০ রানে ২টি উইকেট দখল করেন অধিনায়ক কুপার কনোলি।
জবাবে অস্ট্রেলিয়া স্বাচ্ছন্দ্যেই এগিয়েছিল। ওপেনার ক্যাম্পবেল কেলাওয়ে ফিফটি তুলে নেন। ৮২ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ৫১ রান। তিনে নামা রাধাকৃষ্ণ ৯৬ বলে ৭ চারের মারে ৬৬ রান করেন।
একপর্যায়ে ৪৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তোলে ক্যাঙ্গারুরা। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেই অবস্থা থেকে পরের তিন ওভারে মাত্র ৩ রান তুলতে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে অজি যুবারা।
শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৬ রান দরকার ছিল, হাতে তখন ২টি উইকেট। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে তারা ২০২ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
আফগান বোলার নাঙ্গেলিয়া খারোটে ৩৫ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান শাহিদুল্লাহ হাসানি ও নুর আহমাদ।

নিজস্ব প্রতিবেদক 


























