ডেস্ক রিপোর্ট : পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীদের নির্মম হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি ডিএমপির প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নায়েক মো. আব্দুর রাজ্জাককে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় বিমানযোগে ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশ ডিউটিকালীন ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হন মো. আব্দুর রাজ্জাক। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নায়েক মো. আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যোগোযোগ করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক তার চিকিৎসার রিপোর্ট পর্যালোচনা ও ভিডিও কনফারেন্সের মাধমে রোগীর অবস্থা বিবেচনা করে তাকে দ্রুত ভারতে পাঠানোর পরামর্শ দেন।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে কাকরাইল, ফকিরাপুল, বিজয়নগরসহ আশপাশের এলাকা রণক্ষেত্র তৈরি হয়, ব্যাপক সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন পারভেজ নামের এক পুলিশ কনস্টেবল। আহত হব বেশ কয়েক সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক 























