ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যে জয়জয়কার, তাতে এবার যোগ হচ্ছে নতুন এক মাত্রা। আইপিএল, বিপিএল কিংবা পিএসএলের আদলে এবার ইউরোপের মাটিতে বসছে জমজমাট ক্রিকেট আসর। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)।
এই আসরকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা, যার অন্যতম কারণ এর মালিকানা ও তারকা সমৃদ্ধ বহর।
ইটিপিএল-এর সবচেয়ে বড় চমক এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ কিনেছেন নেদারল্যান্ডস ভিত্তিক দল ‘আমস্টারডাম ফ্লেমস’। তার সঙ্গে সহ-মালিক হিসেবে আছেন সাবেক হকি তারকা জেমি ডায়ার।
অন্যদিকে, বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন ‘আইরিশ উলভস’ দলের সাথে।
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের দুই সাবেক তারকা ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম কিনে নিয়েছেন এডিনবার্গ ফ্র্যাঞ্চাইজিটি।
এই লিগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলিউড গ্ল্যামারও। লিগটির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। তার সঙ্গে বিনিয়োগকারী হিসেবে আছেন দিল্লি ক্যাপিটালসের সাবেক সিইও ধীরাজ মালহোত্রাসহ আরও তিনজন ভারতীয় উদ্যোক্তা।
ইটিপিএল যে মানের দিক থেকে কোনো অংশে কম হবে না, তার প্রমাণ মিলছে খেলোয়াড়দের তালিকায়। স্টিভ ওয়াহর দল আমস্টারডাম ফ্লেমসের হয়ে মাঠ মাতাবেন অস্ট্রেলিয়ার মহাতারকা স্টিভ স্মিথ ও বিধ্বংসী ব্যাটার মিচেল মার্শ। এছাড়া খেলবেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসও। টিম ডেভিডের মতো তারকাদেরও এই লিগে দেখা যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
মোট ছয়টি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
এর মধ্যে তিনটি দল (আমস্টারডাম, বেলফাস্ট ও এডিনবার্গ) বিক্রি হয়ে গেছে, বাকি তিনটি দল (ডাবলিন, রটারডাম ও গ্লাসগো ভিত্তিক) বিক্রির অপেক্ষায়। আগামী ২৬ আগস্ট পর্দা উঠবে এই টুর্নামেন্টের প্রথম আসরের, আর ফাইনল ২০ হবে ২০ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে ডাবলিন ও নেদারল্যান্ডসের বিভিন্ন স্টেডিয়ামে।
এর আগে ২০১৯ সালে ‘ইউরো স্ল্যাম টি-টোয়েন্টি’ নামে এমন একটি লিগ শুরুর কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি। তবে এবার ক্রিকেট আয়ারল্যান্ড এবং ভারত ভিত্তিক প্রতিষ্ঠান ‘রুলস গ্লোবাল’-এর যৌথ প্রচেষ্টায় পূর্ণতা পাচ্ছে এই স্বপ্ন।
লিগটি নিয়ে স্টিভ ওয়াহ বলেন, ‘ইউরোপীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি বাস্তবসম্মত ও অর্থবহ প্রচেষ্টা। আমাদের লক্ষ্য এখানে বিশ্বমানের একটি প্রতিযোগিতা গড়ে তোলা।’
অভিষেক বচ্চনও জানিয়েছেন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ধাপে ধাপে এই লিগকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তারা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সঙ্গে সময়ের কিছুটা সংঘাত হওয়ার সম্ভাবনা থাকলেও, ইউরোপের এই নতুন লিগটি বিশ্ব ক্রিকেটে এক নতুন উন্মাদনা সৃষ্টি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক 






















