আন্তর্জাতিক ডেস্ক :: লেবাননে ইসরায়েলি বিমান হামলাগুলো হয়েছে মূলত বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকা ‘দাহিয়েহ’কে কেন্দ্র করে। এই উপশহরগুলো ঐতিহ্যগতভাবে শিয়া মুসলিমদের আবাসস্থল। এটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবেও পরিচিত।
এই পরিস্থিতিতে ওই এলাকাগুলোতে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।
হামলা শুরু হওয়ার মুহূর্ত থেকে সাধারণ মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।
ওই এলাকাগুলো থেকে থেকে বের হয়ে আসার রাস্তাগুলোতে যানবাহন চলাচল একদম স্থবির হয়ে যায়। এর ফলে দেখা যায়, অসংখ্য মানুষ রাস্তার ওপর রাত কাটাচ্ছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বৈরুতের স্কুলপড়ুয়া শিশুরাও ঘুম থেকে জাগবে– যদি তারা সত্যিই ঘুমাতে পেরে থাকে, কারণ রাজধানীজুড়ে রাতটি ছিল অত্যন্ত শব্দমুখর।
তারা আজ স্কুলে যাচ্ছে না, কারণ বৈরুতের অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। দক্ষিণ শহরতলি থেকে বাস্তুচ্যুত হয়ে আসা হাজার হাজার মানুষকে আশ্রয় দেওয়ার জন্য স্কুলগুলোকে ব্যবহার করা হচ্ছে।
এদিকে, বৈরুতের দাহিয়েহ শহরতলির হারেত হরেইক এলাকায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়েছে।
গত এক ঘণ্টার মধ্যে দাহিয়েহ এলাকায় অন্তত দুটি হামলার পর নতুন এই অভিযান শুরু হলো।
ইসরায়েলি সামরিক বাহিনী দাহিয়েহর আল হাদাত পাড়ার বাসিন্দাদের জন্যও জোরপূর্বক বাস্তুচ্যুতির (সরিয়ে নেওয়ার) নির্দেশ জারি করেছে।
সূত্র: আল জাজিরা

নিজস্ব প্রতিবেদক 






















