ডেস্ক রিপোর্ট : দেশের ফুটবলে মাঠের সংকট নতুন নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়া নির্দিষ্ট কোনও মাঠ নেই।
ফলে খেলা চালাতে বারবারই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসি)-এর দ্বারস্থ হতে হয় ফুটবল ফেডারেশনকে। সেই সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি ১০ বছররের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে এনএসি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (শনিবার) বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে। ’
বছরের শেষ দিকে এসেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলবেন। হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেশের ফুটবলে বড় প্রভাব রাখবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। তার মাধ্যমে এটা একটা শুরু। বাংলাদেশের অনেকেই যারা বিভিন্ন ক্লাবে খেলেন। হামজা চৌধুরির বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে। ’

নিজস্ব প্রতিবেদক 



























