ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনেই বর্তমান প্রজন্মের শত শত উদীয়মান ফুটবলার বড় হয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারাও শৈশবে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রোনালদোকে নিজেদের আইডল মেনে আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।
তবে ৪১ বছর বয়সী পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল মহাতারকা নিজের ঘরেই মুখোমুখি হচ্ছেন ভিন্ন এক অভিজ্ঞতার! রোনালদোর নিজের ৯ বছর বয়সী ছেলে মাতেওর প্রিয় ফুটবলারের তালিকায় রয়েছে বর্তমানের তিন উদীয়মান তারকার নাম।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া মাতেওর কাছে বাবার চেয়েও বর্তমান যুগের তরুণ ফুটবলারদের কদর বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো নিজেই প্রকাশ করেন যে, তার ছেলে মাতেও ইউটিউবে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম এবং এদুয়ার্দো কামাভিঙ্গার হাইলাইটস নিয়মিত দেখে।
রোনালদো মজার এক স্মৃতি শেয়ার করে বলেন, “আমার ছেলে মাতেও ইউটিউবে এমবাপ্পে, বেলিংহ্যাম এবং কামাভিঙ্গার স্কিল দেখে।
সে আমাকে এসে বলে, ‘এমবাপ্পে তোমার চেয়েও ভালো ফুটবলার।’ আমি তখন তাকে বলি, ‘কিন্তু আমি তো ওর চেয়ে অনেক বেশি গোল করেছি।
’ এরপর যখন আমি তাকে মনে করিয়ে দিই যে এমবাপ্পে একবার পেনাল্টি মিস করেছিল, সে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ‘কেন, তুমিও তো পেনাল্টি মিস করেছো!’”
ছেলের এমবাপ্পে-প্রীতি ছাড়াও, মাতেওর পছন্দের তালিকায় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের থাকাটা বেশ নজর কেড়েছে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে আসার পর মাত্র ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন বেলিংহ্যাম। সাম্প্রতিক বিশ্বকাপেও ইংলিশদের হয়ে ৭টি গোল করে এক আসরে হ্যারি কেইন ও গ্যারি লিনেকারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম ১৫ ম্যাচে ১৪ গোল করে রোনালদোর এক সাবেক রেকর্ড ভেঙেছিলেন বেলিংহ্যাম।
শুধু ছেলেই নয়, রোনালদো নিজেও বেলিংহ্যামের একজন বড় ভক্ত। ২০২৫ সালের শুরুতে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ কিংবদন্তি বলেছিলেন, ‘আমি জুড বেলিংহ্যামের খেলা খুব পছন্দ করি। সে আমাকে জিনেদিন জিদানের কথা মনে করিয়ে দেয়। সে এখনো অনেক তরুণ এবং তার সামনে পুরো ভবিষ্যৎ পড়ে রয়েছে। রিয়াল মাদ্রিদকে সে অনেক কিছু দেবে।’

নিজস্ব প্রতিবেদক 




























