কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার দুর্গাপুর আগফৌদ গ্রামে এক পরিবারের ওপর হামলা, হুমকি ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আল-ইমরান। তিনি দাবি করেন, তার ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করছে প্রতিপক্ষরা এবং পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) কানাইঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল-ইমরান এসব অভিযোগ করেন।
তিনি জানান, তার ছোট ভাই মোঃ আল-সাফওয়ান (৩৩) ছাত্রজীবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করায় বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাদের পরিবারের ওপর চাপ ও হয়রানি বৃদ্ধি পায়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ তাদের বাড়িতে গিয়ে আল-সাফওয়ানকে খোঁজ করে। তাকে গ্রেফতারের কথা জানিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনের পর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫-২০ জনের একটি দল তাদের বাড়িতে গিয়ে আল-সাফওয়ানকে খোঁজ করে এবং না পেয়ে পরিবারের সদস্যদের গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। তাকে পাওয়া গেলে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বরং উল্টো বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছে বলেও অভিযোগ করেন আল-ইমরান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ভাতিজিকে মারধরের চেষ্টা করা হয় এবং বাধা দিতে গেলে তার ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার জেবিনের উপর হামলা চালায়, তাতে জেবিন গুরুতর আহত হন। একই রাতে চতুলবাজারে তার মালিকানাধীন আল-ইমরান স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
তিনি অভিযোগ করে আরও জানান, আহত ফারজানা আক্তার জেবিনকে হাসপাতালে নেওয়ার পথেও বাধা দেওয়া হয়। পরবর্তীতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আল-ইমরান বলেন, তার ভাই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরলে তার জীবনের ঝুঁকি রয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক 























