ডেস্ক রিপোর্ট :: ব্রাজিলের সিরি-এ লিগের ১২তম রাউন্ডে ফ্লুমিনেন্সের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে সান্তোস।
তবে ম্যাচ হারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে দলের অধিনায়ক ও পোস্টার বয় নেইমার জুনিয়রের আচরণ।
মাঠ ছাড়ার সময় গ্যালারির সমর্থকদের উদ্দেশ্যে তার একটি অঙ্গভঙ্গি নিয়ে বর্তমানে তোলপাড় চলছে ফুটবল বিশ্বে।
রোববার ঘরের মাঠ ভিলা বেলমিরোতে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয় সান্তোসকে।
গত ১২ ম্যাচে এটি তাদের নবম হার বা ড্র। দলের এমন অফ-ফর্মে ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ শেষে দুয়ো দিতে শুরু করলে মেজাজ হারান নেইমার।
ড্রেসিংরুমে ফেরার পথে সান্তোসের কট্টর সমর্থক গোষ্ঠীর গ্যালারির সামনে দিয়ে যাওয়ার সময় দুই কানে আঙুল দিয়ে রাখতে দেখা যায় তাকে। অনেকেই মনে করছেন, সমর্থকদের গালিগালাজ বা সমালোচনা না শোনার জন্যই তিনি এমনটি করেছেন।
অবশ্য বিতর্কের মুখে নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তার কানে চুলকানি হচ্ছিল বলে তিনি আঙুল দিয়েছিলেন। তবে তার এই ব্যাখ্যা কেউ সহজভাবে নেয়নি, কারণ ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি তিনি ওই পোস্টদাতা পেজের অ্যাডমিনকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই কোপা সুদামেরিকানায় পুচকে দল রিকোলেটার বিপক্ষে ড্র করার পর এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন নেইমার। একদিকে সমর্থকদের সঙ্গে তিক্ত সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমএলএস-এ তার যোগদানের গুঞ্জন; সব মিলিয়ে সান্তোসে নেইমারের ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে।

নিজস্ব প্রতিবেদক 






















