বিনোদন ডেস্ক :: প্রিয় তারকার জন্য নানা আয়োজনে ভালোবাসা প্রকাশ করে থাকেন ভক্তরা। কিন্তু তাই বলে, সিনেমা হলে ‘ডামি’ কুমির নিয়ে হাজির হওয়া কিংবা একটা প্রেক্ষাগৃহ জ্বালিয়ে দেওয়া! এবার সেই ঘটনাই ঘটালেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস অনুরাগীরা।
এই তেলুগু নায়কের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজা সাহেব’র শো চলাকালীন ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে ওড়িশার রায়গড়ায় এক প্রেক্ষাগৃহে। যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রথম সারিতে বসা দর্শকরা।
ঘটনাটি ঘটেছে ওড়িশার অশোক টকিজে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পর্দায় যখন ‘রাজা সাহেব’ চরিত্রে প্রভাসের এন্ট্রি সিন দেখানো হচ্ছিল, সেসময়েই এই কাণ্ড ঘটে! হঠাৎ একদল ভক্ত স্ক্রিনের সামনে এসে কেউ আরতি, আবার কেউ-বা বাজি পোড়ানো শুরু করেন। আর সেখান থেকেই ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন ধরে যায় পর্দায়!
মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয়।
তবে প্রেক্ষাগৃহ কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে সাময়িকভাবে প্রেক্ষাগৃহটি বন্ধ রাখা হয়েছে।
এদিকে, প্রভাস-ভক্তদের এমন কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় বইছে।
দক্ষিণী তারকার অনুরাগী মহলকে নেটিজেনরা ‘অশিক্ষিত’ বলেও কটাক্ষ করছেন।
এর আগে, শুক্রবার (৯ জানুয়ারি) হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘নকল কুমির’ নিয়ে ঢুকে শোরগোল ফেলে দেন আরেকদল অনুরাগী।

নিজস্ব প্রতিবেদক 






















