আব্দুল জব্বার বাহার :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকায় একটি কালভার্টের নিচ থেকে প্রদীপ তেলি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত প্রদীপ তেলি গাজীপুর চা বাগানের অনিল তেলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে মীরবক্সপুর এলাকায় মুফতি আব্দুর রহমানের বাড়ির সামনে একটি কালভার্টের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রদীপ তেলি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। পরে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পেলে তার মৃত্যু হতে পারে।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















