রাজু আহমদ:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশী নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার (৮মে) বিকেলে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় আটককৃতদের দেখতে পান স্থানীয়রা। পরে বিজিকে খবর দিলে তাদেরকে আটক করে ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল।
আটক ব্যক্তিরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), কুলাউড়া উপজেলার গোপাল দাস (২৭), সদর উপজেলার মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যা জানান, বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পরে স্বজনদের নিকট তাদেরকে হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক 






















