ক্রীড়া ডেস্ক :: পরাজয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। তবে টুর্নামেন্টে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরও নিশ্চিতও করে নেয় সাকিববাহিনী।
ম্যাচটিতে জোড়া সেঞ্চুরি পেয়েছে টাইগাররা। ২০১৭ সালের পর এবারই প্রথম একই দিনে দুই সেঞ্চুরিয়ান দেখেছে বাংলাদেশ। নিজেদের বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জয় পেয়েছে ৮৯ রানে।
সেঞ্চুরিয়ান শান্ত-মিরাজ সম্মান-স্বরূপ লাহোরের ঐতিহাসিক স্টেডিয়ামের অনার্স-বোর্ডে নাম লেখানোর সুযোগ পেয়েছেন। এর আগে ২০০৮ সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।
পাকিস্তানের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে কেউ ওয়ানডেতে ৫ উইকেট সংগ্রহ করলে বা সেঞ্চুরি করলে তার নাম যুক্ত হয় গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে। শান্ত-মিরাজের নাম উঠেছে সেই সুবাদে।
অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি রোববার দিবাগত রাতেই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিসিবি জানায়, ‘বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।’

নিজস্ব প্রতিবেদক 



























