ডেস্ক রিপোর্ট:একজন ব্যবসায়ীর নামে ভুয়া নোটিশ দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে আটক হয়েছেন দুদক ডিজির পিএ। তার নাম গৌতম ভট্টাচার্য। তার সঙ্গে চাকুরিচ্যুত একজন পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
ডিএমপির মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুর অর রশীদ।
তিনি বলেন, ভুয়া অভিযোগে এক ব্যবসায়ীকে দুদকের নামে চিঠি ইস্যু করে তাকে হয়রানি করা হচ্ছিল। এ চক্রে আছেন দুদকের মহাপরিচালকের পিএ, পুলিশ সদস্য (বরখাস্ত) এসকেন আলী খান ও দুই দালাল হাবিবুর রহমান, পরিতোষ মন্ডল।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকার ব্যবসায়ী আশিকুজ্জামান। দুর্নীতির দমন কমিশনের (দুদক) নামে তাকে একটি চিঠি দেয় দালাল চক্র। চক্রটি আশিকুজ্জামানকে জানায়, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। এই মামলা থেকে বাঁচানোর কথা বলে চক্রটি প্রথমে তার কাছে ৫ কোটি ও পরে ২ কোটি টাকা দাবি করে।
এরপর চক্রটি ভুক্তভোগীকে মিষ্টির প্যাকেটে টাকা নিয়ে মতিঝিলের একটি হোটেলে আসতে বলে। এ বিষয়ে আগে থেকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। পরে দাবি করা টাকা নিতে চক্রের চার সদস্য হোটেলে আসলে তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক 






















