বিনোদন ডেস্ক :: বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২৫ সালের নভেম্বরে মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। পরিবারে সন্তান আসার পর স্বাভাবিকভাবেই তাদের জীবনেও পরিবর্তন এসেছে।
মুম্বাইয়ের জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে কীভাবে ‘বেবি কৌশল’কে সামলাচ্ছেন ভিকি?
সম্প্রতি এক পডকাস্টে পিতৃসুখ নিয়ে মুখ খুলেছিলেন ভিকি। সেখানে তিনি জানান, বাবা হওয়ার পর জীবনে ঠিক কী কী পরিবর্তন এসেছে এবং সন্তানসুখ কীভাবে তাদের জীবনে প্রভাব ফেলেছে?
এ বিষয়ে অভিনেতার মন্তব্য, আমাদের জীবন কীভাবে বা কতটা বদলেছে সেটা তো মেপে দেখা যায় না।
তবে এটুকু বলতে পারি, এই অভিজ্ঞতা অনেকটা ম্যাজিকের মতো। এমন এক অনুভূতি, যা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।
পুত্র বিহান বেড়ে ওঠার প্রতিটি ছোট ছোট মুহূর্ত যেমন- কান্না, নতুন অভিব্যক্তি কিংবা ছোটোখাট অঙ্গভঙ্গি- বিগত দশ মাস ধরে সবটাই উপভোগ করছেন তিনি। ভিকি জানান, সন্তানের খিলখিল করে হেসে ওঠা, তার প্রথম কান্না- এই সবকিছু দেখার এবং অনুভব করার অভিজ্ঞতা অসাধারণ।
কথায় বলে, মানুষ নাকি কখনও পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু গত ১০ মাসে এমন অনেক মুহূর্ত তৈরি হয়েছে, যখন মনে হয়েছে, এটাই সব, এটাকেই পূর্ণতা বলে।
বাবা হওয়ার পর আরও সংবেদনশীল হয়েছেন, বলেও মনে করেন ভিকি কৌশল। একই সঙ্গে বেড়েছে দায়িত্ববোধ। তার কথায়, পিতৃত্ব একজন মানুষকে ভীষণ সংবেদনশীল করে তোলে। একই সঙ্গে দায়িত্ববোধও অনেক বাড়িয়ে দেয়। কারণ, যা বলছি, সেটা তো নিজের জীবনেও পালন করতে হবে।
এমনকী নিজেদের আচার-আচরণেও পরিবর্তন এনেছেন বলে জানালেন ভিকি। অভিনেতার কথায়, শিশুর প্রথম শিক্ষা তৈরি হয় বাড়ির পরিবেশ দেখেই। বাবা-মাকে দেখে, তাদের আচরণ পর্যবেক্ষণ করেই শিশুরা অনেক কিছু শেখে।
ছেলে বিহানের জন্মের পর নিজের ঠিক কী কী পরিবর্তন এনেছেন? এ প্রসঙ্গে ভিকি কৌশলের মন্তব্য, গত ১০ মাসে আমি নিজের আচরণের দিকে যতটা নজর দিয়েছি, জীবনে আগে কখনও এতটা দিইনি। আপনাকে এমনভাবে চলতে হবে, যাতে আপনার সন্তান আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে। বাবা হওয়ার পর এটাই আমার সব থেকে বড় শিক্ষা।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান বিহান।

নিজস্ব প্রতিবেদক 
























