মৌলভীবাজারের জুড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে জুড়ী থানাধীন ৫নং জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই এলাকার পোস্ট অফিস রোডস্থ শাহীন হোটেল অ্যান্ড রেস্তোরাঁর একটি কেবিনে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সুজন ওরফে সাইফুল ইসলাম জুয়েল (৩৩)। তিনি মৃত আব্দুল মান্নান প্রকাশ বুদুরের ছেলে। তার স্থায়ী বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের পশ্চিম শাহপুর গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রহমানিয়া পেট্রোল পাম্প সংলগ্ন বিলকিস বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই (নিঃ) ফরহাদ মিয়া, এএসআই তুহিন মুন্সিসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

এনামুল হক আলম বার্তা সম্পাদক 
























