আবিদ হোসাইন :: নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউ ও তাদের অঙ্গসংগঠনের নাশকতা প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল শোডাউন দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (১২ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা শাখার নেতাকর্মীরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের নেতাকর্মীদের নাশকতা প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দেন তারা। এ-সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এর আগে ১১ নভেম্বর ভোররাতে জুড়ী কামিনীগঞ্জ বাজারের এক গলিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। জানা যায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশনায় জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১৫জন নেতাকর্মী ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ‘অবৈধ ট্রাইবু্নাল মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিয়ে এ মিছিল করে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসেন মনিয়ার বলেন, আমরা দেখেছি নিষিদ্ধ ছাত্রলীগ জুড়ীতে একটি গুপ্ত মিছিল করেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা তা কখনোই কামনা করিনাই। আগামীতে যদি ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস করে, তবে ছাত্রশিবির ঘরে বসে থাকবে না। মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি।

নিজস্ব প্রতিবেদক 






















