আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।
একই সঙ্গে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৭ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীরা এখনো নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকছেন।
টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণ ৪ হাজার ডলারের আশপাশে শক্ত অবস্থান তৈরি করেছে এবং সেখান থেকে আবার ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার খবর এবং ইরানের কাছে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছানোর তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।
তবে ইয়েমেনের হুথিদের নতুন হুমকি এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের কারণে তেলের দাম আবার বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।
সে ক্ষেত্রে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সুদের হার আরও বাড়াতে হতে পারে। বর্তমানে বাজারের হিসাব অনুযায়ী আগামী সপ্তাহে সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। রূপার দাম ২ দশমিক ২ শতাংশ, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক 























