ডেস্ক রিপোর্ট : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- আশিক (৩২), ডা. মো. আব্দুল আলিম (৬০)।
আহতদের মধ্যে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৪), হাকিম বিশ্বাস (৬০), দেলোয়ার হোসেন (৬৫), আবুল হোসেন (৫৩), আব্দুল মান্নানসহ (৬০) অন্তত ১০ থেকে ১২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী এলাকায় যশোর থেকে ছেড়ে আসা ‘হামদান এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী একটি নাইট কোচ চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল। গুরুতর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, আশিক ও ডা. মো. আব্দুল আলিমকে শনিবার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আর আহতদের মধ্যে শরিফুল ইসলাম, হাকিম বিশ্বাস, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, আব্দুল মান্নানসহ অন্তত ১০ থেকে ১২ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
1:39 am, Sunday, 9 August 2026
News Title :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:57:57 am, Saturday, 28 June 2025
- 196 Time View
Tag :
Popular Post
























