অনলাইন ডেস্ক::নরসিংদীতে যাত্রীবাহী বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের ভাটপাড়া টাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাধবদী থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে মো: আমির হামজা (৩৫) ও নরসিংদীর পাঁচদোনা এলাকার একাব্বর মিয়ার ছেলে মজিবুর রহমান (৪০)।
এ ঘটনায় গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস আহত হন। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর বাসটিসহ চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক 























