জামাল হোসেন তারেক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাকিব আহমদ (২৩) নামে এক সিএনজি চালককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
মঙ্গলবার (তারিখ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটেকি চক সালন এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার বাড়িতে ইফতার করার পর রিপন স্থানীয় দিঘিরপাড় বাজারে যান। রাত সাড়ে ১১টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন চক সালন এলাকায় প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি রিপন মিয়ার বলে শনাক্ত করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় একই এলাকার বাসিন্দা জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ (২৩) নামে এক সিএনজি চালককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে রিপনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজারের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক 






















