ডেস্ক রিপোর্ট : ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলছে বলিউড সিনেমা ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। সিনেমাটিতে সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যে মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন বাঁধন।
সিনেমায় বাঁধন এবং সহশিল্পী টাবুকে সমকামী ভূমিকায় দেখা গেছে। এই সমকামী চরিত্রটি নিয়েই চলছে জোর সমালোচনা। এবার এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেলেন অভিনেত্রী বন্যা মির্জা।
তিনি লিখেছেন, ‘ভাই রে! প্রেম কেবল নারীর সাথে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পুরুষদের পেতে হবে! আর সমকামিতাও একটা কোনো বিশেষ বিষয না। তারও হাজার রকম আছে। শিখসেন একটা শব্দ, ওটা নিয়ে বসে আছেন! জগতে কত রকম জেন্ডার আছে। তাহলে সকলের আলাদা ভাবনাও আছে। এটাই তো স্বাভাবিক বিষয!’
প্রসঙ্গক্রমে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বন্যা মির্জা লেখেন, ‘‘আমি যখন একজন ‘পতিতা’র চরিত্র করি, তখন ‘পতিতা’ চরিত্র কেউ করতে চাইতেন না। ফলে আমার কাছে আসতো, আর আমি করতাম। এইডস রোগের নামও তখন নতুন শুনছি আমরা। তো গল্পের সেই ‘পতিতা’র আবার এইডস হলো। বিষয়বস্তু মোটামুটি এরকম।’’
আর নিজের এই চরিত্রে কাজ করা নিয়ে সহকর্মীদের মন্তব্য তুলে ধরে তিনি লেখেন, ‘আমার কলিগরা তো বললেন-ই এরকম চরিত্র করা আমার ঠিক হয়নি। এমনকি আমার তৎকালীন বয়ফ্রেন্ডও মোটামুটি ধরেই নিলেন যে আমারই এইডস হয়েছে! গালি তো দিলেন-ই, নোংরা কথায় নানান রকম খোঁটা দিতে থাকলেন। আমি নাকি বেশি স্মার্ট হয়ে গেছি। নাটকের নাম “খণ্ড- ৎ”। নজরুল কোরেশীর পরিচালনা। তারপর “রোদ মেখো সূর্যমূখী”, মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত। এখানে আবার ‘পতিতা’কে দেখানো হয় প্রেগনেন্ট অবস্থা থেকে। সেই ‘‘পতিতা’’ নিজেই নিজের বাচ্চা প্রসব করায়, নিজের নাড়ি কাটে, বাচ্চা বের করে। পুরা দৃশ্যটাই নাটকে দেখানো হয়। তারপর তো আরও অনেক নাটক করেছি।’
পরে দেখলাম, আর যাই হোক “পতিতা” চরিত্রে অভিনয় করা অভিনেতা হতে কত জরুরী! এবং অনেকেই করলেন। গোলাপী ফিতা আর গোলাপী লিপস্টিক দেওয়া অভিনয় দেখলাম! — যোগ করেন এই অভিনেত্রী।
সবশেষ তিনি লেখেন, ‘ভাই রে! পতিতাও একরকমের জীবন বা পেশা না যে গোলাপী ফিতা দিয়েই সারবেন! তো, আমার মনে হচ্ছে, কদিন পরে আপনারাই ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্র করার জন্য যাতে আপনাদের সু-অভিনেতা বলা হয়। তখন বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন!’

নিজস্ব প্রতিবেদক 




























