ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো জিম্বাবুয়েতে আয়োজিত টি-টেন লিগ ব্যাপক সাড়া ফেলেছে। জিম-আফ্রো টি-টেন লিগের ফাইনালে গতকাল হারারেতে মুখোমুখি হয় মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস ও ডারবান কালান্দার্স। উত্তেজনাপূর্ণ ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে জোবার্গকে শেষ ওভারে হারিয়ে শিরোপা জিতেছে ক্রেইগ আরভিনের দল। ফাইনালে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ডারবান।
শিরোপা নির্ধারণী ফাইনালে জোবার্গের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাপুটে সূচনা পায় ডারবান। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভারে মাত্র ৬ রান আসলেও দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির উপর চাড়াও হয় ওপেনার টিম সেইফার্ট।
দ্বিতীয় ওভারে ২৩ রান তুলে ম্যাচে উড়ন্ত সূচনা করেন এই কিউই ব্যাটার। তবে তৃতীয় ওভারে পাকিস্তানি পেসার উসমান সেনওয়ারি সাজঘরে ফেরান সেইফার্টকে। এই ওপেনার ফিরে গেলেও তার সঙ্গী হজরতউল্লাহ জাজাই ছিলেন এক প্রান্তে দাঁড়িয়ে।
আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীকে সঙ্গে নিয়ে ৪ বলে হাতে রেখেই বিধ্বংসী ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জাজাই। ২২ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
অপরদিকে ফাইনালের একাদশে সুযোগ পাননি টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। শিরোপার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় জোবার্গ। মোহাম্মদ হাফিজ ও টম বেন্টনের ব্যাটে বড় সংগ্রহের ভীত গড়ে বাফেলোস। শেষ দিকে ইউসুফ পাঠান ও রবি বুপারার ব্যাটে নির্ধারিত ১০ ওভারে ১২৭ রানের সংগ্রহ পায় জোবার্গ।
দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন জাজাই। অপরদিকে টুর্নামেন্ট সেরা হন মারকুটে ওপেনার টিম সেইফার্ট।

নিজস্ব প্রতিবেদক 




























