ডেস্ক রিপোর্ট : বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’সহ ১০ কৃতি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি রাষ্ট্র ও সমাজে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধি ও নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী-গুণী মানুষদের সম্মানিত করে।
আমাদের যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা অবশ্যই প্রত্যাশিত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো যে ‘একুশে পদক’ প্রবর্তন করেছিলেন, তা আজ কেবল একটি পদকই নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও কৃতি মানুষের মেধার দর্পণ। এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত রাষ্ট্রের সমৃদ্ধিতে অবদান রাখা বিজ্ঞজনদের সঙ্গে সাধারণ মানুষের মেলবন্ধন ঘটে।
তারেক রহমান বলেন, একজন রাজনীতিকর্মী হিসেবে আমি বিশ্বাস করি, জ্ঞানী-গুণীজনরা দিকনির্দেশনার ভূমিকা পালন করেন।
একটি সমাজে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধি ও নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী-গুণী মানুষদের সম্মানিত করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৬ সালে তিনটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের মাধ্যমে এই যাত্রা শুরু হলেও বর্তমানে শিক্ষা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ ১২টি ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশ যাতে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি উদার ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে।
অনুষ্ঠানে মরণোত্তর একুশে পদক গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা।
এছাড়াও শিল্পকলা, শিক্ষা, সাংবাদিকতা ও গবেষণাসহ ১০টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীতদের হাতে স্বর্ণপদক, সম্মাননাসনদ ও অর্থ তুলে দেওয়া হয়।
২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তরা হলেন-অভিনয় ক্যাটাগরিতে ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মেরিনা তাবাসসুম।
সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আইয়ুব বাচ্চু। নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার।
এ ছাড়া সাংবাদিকতায় ‘একুশে পদক ২০২৬’ পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। সেই সঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দেওয়া হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



























