বিনোদন ডেস্ক:চমক দিলেন অভিনেতা দেব। পোস্ট করলেন নিজের ছবি ‘বাঘা যতীন’-এর নতুন পোস্টার। যেখানে তাকে দেখা গেল একেবারে অন্য অবতারে। পরনে খাকি উর্দি, মাথায় পাগড়ি, মুখে ঝাঁকড়া দাড়ি, বিস্ফারিত চোখ আর কাঁধে পেল্লাই রাইফেল। একজন শিখ সেনার পোশাকে দাঁড়িয়ে তিনি। সম্ভবত ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেওয়া ছদ্মবেশই এই পোস্টারে তুলে আনা হয়েছে।
পোস্টারটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে দেব লিখেছেন, যখন অপশাসন ও অত্যাচার বেড়ে যায়, তখন ধ্বংসের সময় এগিয়ে আসে। আর এই নৃশংসতা বন্ধ করতে দরকার হয় শুধু একজন বীর যোদ্ধার। এই প্রথমবার আমরা বড়পর্দায় পেশ করতে চলেছি ভারত সন্তান বাঘা যতীনের অমর গাথা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সবচেয়ে বড় প্রযোজিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে এই দুর্গাপূজায়।
ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। যদিও একঝলকে দেবকে এই রূপে দেখে অনেকেই চিনতে পারেনি। অভিনেতাকে এমন একগাল লম্বা দাড়িতে যে চেনা যাবে না, সেটাই স্বাভাবিক। তবে শুধু এই পোস্টারে নয়, ছবির আগের পোস্টারগুলোতেও দেবের নিত্যনতুন লুক বেশ পছন্দ করেছেন দর্শকরা। পূজায় যে অভিনেতা বড় উপহার দিতে চলেছেন, তা বিলক্ষণ বোঝা যাচ্ছে।
এ দিন দেবের প্রোডাকশন হাউস থেকে যেভাবে পোস্টার মুক্তি দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে ছবিটি প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে। সে অর্থে জিতের ‘চেঙ্গিজ’-এর পর দেবের ‘বাঘা যতীন’ হতে চলেছে দ্বিতীয় বাংলা সিনেমা, যা একইসঙ্গে বাংলা ও হিন্দিতে গোটা ভারতে মুক্তি পাবে। তবে নির্মাতাদের তরফে এখনও সে বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক 




























