ডেস্ক রিপোর্ট :: মাত্র ৩৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে দল পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান। অন্যদিকে তার দলের হয়েই বিশ্বকাপে খেলছেন জার্মানির সেরা খোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
যার বয়স ৪০। জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান বয়সে তরুণ হলেও ইউরোপের বড় কয়েকটি ক্লাবে কাজ করার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে রয়েছে অনেক দিন ধরেই।
তবে কোচ হিসেবে অর্জনের খাতা প্রত্যাশার তুলনায় খুব সমৃদ্ধ নয়। তাই ২০২৬ বিশ্বকাপ তাঁর জন্য যেমন বড় সুযোগ, তেমনি বড় পরীক্ষাও।
বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী কোচ
একসময় জার্মানির রাজ্যভিত্তিক ক্লাবগুলোর ফুটবলের আসর বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ কোচ ছিলেন নাগেলসমান। এখন সেই রেকর্ড না থাকলেও ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের কোচদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সী।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেওয়া অন্য কোনো কোচের বয়স ৪০ বছরের নিচে নয়।
ইউরো থেকে বিশ্বকাপ, বদলে গেছে অনেক কিছু
জার্মানির দায়িত্ব নিয়ে নাগেলসমানের এটি দ্বিতীয় বড় টুর্নামেন্ট। প্রথমটি ছিল ২০২৪ ইউরো, যেখানে স্বাগতিক হওয়ার সুবাদে প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে জার্মান সমর্থকদের আধিপত্য ছিল। তারপরও জার্মানির অর্জন ছিল শূণ্য। কিন্তু বিশ্বকাপে সেই চিত্র ভিন্ন। আগামী রোববার হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বাস্তবতার মুখোমুখি হবে জার্মানি। হিউস্টন টেক্সানসের ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রতিপক্ষ কুরাসাও বিশ্ব ফুটবলে তুলনামূলক ছোট দল হলেও তাদের কোচ ডিক অ্যাডভোকাটের অভিজ্ঞতা বিশাল। ৭৮ বছর বয়সী ডাচ কোচ বহু বছর ধরেই আন্তর্জাতিক ফুটবলে পরিচিত নাম।
উইনস্টন-সালেমে প্রস্তুতি শুরু
৮ জুন সোমবার বিশ্বকাপ প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। শিকাগো থেকে পৌঁছানোর প্রায় পাঁচ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম অনুশীলনে দলকে নামান নাগেলসমান। ফিফার নিয়ম অনুযায়ী এটি ছিল জার্মান দলের উন্মুক্ত অনুশীলন সেশন। প্রায় ৩ হাজার সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বিনামূল্যে বিতরণ করা ‘উইনস্টন-সালেম ২০২৬’ লেখা জার্মানির জার্সি সংগ্রহ করেন।
নয়ারের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস
অনুশীলনে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে ম্যানুয়েল নয়ারকে ঘিরে। মাঠে প্রবেশের সময় জার্মান গোলরক্ষককে দাঁড়িয়ে অভিবাদন জানান সমর্থকেরা। বাম পায়ের পেশির চোট কাটিয়ে নয়ার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলেই ধারণা করা হচ্ছে। দলের অন্য গোলরক্ষকদের সঙ্গে স্বাভাবিক অনুশীলন করেছেন তিনি। তবে নয়ারকে ফেরানোর সিদ্ধান্তই নাগেলসমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। অভিজ্ঞ এই গোলরক্ষক প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়তে হবে জার্মান কোচকেই।
সাফল্যের খাতায় আরও কিছু যোগ করার অপেক্ষা
কোচ হিসেবে নাগেলসমানের অর্জন এখনো সীমিত। বায়ার্ন মিউনিখে দায়িত্ব পালনকালে ২০২২ সালে জার্মান বুন্দেসলিগা শিরোপা জিতেছিলেন। এছাড়া ক্লাবটির হয়ে দুটি জার্মান সুপার কাপও জিতেছেন তিনি। বয়স বিবেচনায় এসব অর্জন কম নয়। তবে হফেনহাইম, আরবি লাইপজিগ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্ব পালন করা একজন কোচের জন্য প্রত্যাশা ছিল আরও বেশি।
এবার সেই প্রত্যাশা পূরণের নতুন মঞ্চ বিশ্বকাপ। কিন্তু সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জও কম নয়। মাত্র ৩৮ বছর বয়সী নাগেলসমানের সামনে এখন জার্মানিকে বিশ্বমঞ্চে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার কঠিন দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক 






















