ডেস্ক রিপোর্ট : বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা মন্তব্যকে কেন্দ্র করে নজিরবিহীন সংকটে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। পরিচালকের বক্তব্যে ক্রিকেটারদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার প্রতিবাদে আজ বিপিএলের ম্যাচ বর্জন করেছেন খেলোয়াড়রা।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অবদানের কথা কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সংবাদ সম্মেলনে মিরাজ স্পষ্ট করে বলেন, বিসিবির আজকের যে শক্তিশালী আর্থিক অবস্থান, তার পেছনে সবচেয়ে বড় অবদান মাঠের ক্রিকেটারদের।
তিনি বলেন, ‘মাঠে খেলা হয় বলেই আজ ক্রিকেট বোর্ড এত ভালো জায়গায় আছে। খেলা না হলে স্পন্সর আসত না, আইসিসি থেকেও রেভিনিউ পাওয়া যেত না।’
মিরাজ আরও যোগ করেন, ‘আজ বিসিবির তহবিলে যে টাকা আছে, তাতে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো প্রতিটি ক্রিকেটারের অংশ আছে। প্রত্যেকের কষ্টের বিনিময়েই আজকের এই বোর্ড।
’
ক্রিকেটারদের মর্যাদা খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট সাফল্য ও ক্রিকেটারদের নিয়ে বির্তকিত মন্তব্য করেন, যেখানে আইসিসি ট্রফি জয়সহ বিভিন্ন অর্জনকে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বিপিএলের ম্যাচে অংশ নেননি ক্রিকেটাররা।
আজ সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সবকিছুরই একটা সীমা আছে।
উনি ক্রিকেটকে অসম্মান করেছেন। আইসিসি ট্রফি থেকে শুরু করে সব অর্জনকেই তিনি অস্বীকার করেছেন। বিসিবি থেকে যদি এর সুষ্ঠু ও সম্মানজনক সমাধান আসে, তবেই আমরা মাঠে ফিরব।’
খেলোয়াড়দের দাবি, বিতর্কিত মন্তব্যকারী পরিচালকের বিরুদ্ধে বোর্ডকে দায়িত্বশীল ও সম্মানজনক অবস্থান নিতে হবে।
কোয়াব জানিয়েছে, আলোচনার পথ খোলা থাকলেও ক্রিকেটের মর্যাদা ও খেলোয়াড়দের সম্মান রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।
দ্রুত সমাধান না এলে বিপিএলের পরবর্তী ম্যাচগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক 



























