ডেস্ক রিপোর্ট : আগামী ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১৩ মে) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যের এই কমিশন গঠনের কথা জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তিন সদস্যের এই নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী পরিচালনা করবে এই কমিশন। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে কাউন্সিলরদের ভোটে পরিচালক পর্ষদ নির্বাচিত হয়। পরবর্তীতে নির্বাচিত সেই পরিচালকদের মধ্য থেকেই ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি বেছে নেওয়া হয়।
বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে তিনি জানিয়েছিলেন, কমিটির হাতে ৯০ দিন সময় থাকলেও তারা ৬০ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড সেই লক্ষ্যেই বড় এক ধাপ এগিয়ে গেল।

নিজস্ব প্রতিবেদক 

























