আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের গ্রেটার নয়ডায় চলন্ত স্লিপার বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৪ আগস্ট রাতে ঘটনাটি ঘটে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুজন হলেন বাসচালক কুলদীপ (৩৯) ও কন্ডাক্টর সন্দীপ (২৬)। তারা বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান বিশ্বনাথ ট্রাভেলসের হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছিলেন বলে প্রতিষ্ঠানটির এক কর্মী জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে নয়ডার উদ্দেশে যাত্রা করেছিল কিশোরীটি। পরিবারের সদস্যদের না জানিয়েই সে নয়ডায় এক কাজিনের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল।
পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার পর সে বাড়ি থেকে বের হয় বলে পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানিয়েছে কিশোরী।
নয়ডার প্যারী চকে নামার পর প্রচণ্ড বৃষ্টি ও অন্ধকারের মধ্যে সে বুঝতে পারে, এখনো তার গন্তব্যে পৌঁছায়নি। তখন রাত প্রায় ৯টা। কাজিনের বাড়ি ছিল আরও প্রায় ৩৫ কিলোমিটার দূরে। বৃষ্টিতে ভেজা অবস্থায় একা দাঁড়িয়ে থাকা কিশোরীটি একটি যানবাহনের অপেক্ষা করছিল।
একপর্যায়ে একটি যাত্রীবিহীন স্লিপার বাস তার কাছে এসে থামে। কন্ডাক্টর তাকে জানান, বাসটিও নয়ডার সেক্টর-৬৩-এর দিকে যাচ্ছে। এরপর কিশোরীটি বাসে ওঠে। তবে পুলিশের দাবি, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।
কিশোরীর অভিযোগ, বাস চলতে শুরু করার পর কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে যৌন নির্যাতন করেন। এ সময় বাধা দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরে চালক ও কন্ডাক্টর দুজনই তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, নির্যাতনের পর কিশোরীকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। এরপর কিশোরী পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়।
পুলিশ জানিয়েছে, বাসটি ছিল ‘স্লিপার’ ধরনের। বাসের প্রতিটি বার্থ পর্দা দিয়ে ঢাকা থাকায় অভিযুক্তরা সেই সুযোগ নিয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ফরেনসিক দল বাসের ভেতর থেকে কিশোরীর চুলের নমুনা সংগ্রহ করেছে। একই সঙ্গে বাসটি যে পথে চলেছিল, সেই রুটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাসচালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























