ডেস্ক রিপোর্ট::ঘন কুয়াশায় ঢাকায় জরুরি অবতরণ করেছে মুম্বাই-গুয়াহাটিগামী একটি উড়োজাহাজ। আজ শনিবার ভোর চারটার দিকে উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। ঢাকায় ভারতের উড়োজাহাজ অবতরণের খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের খবরে বলা হয়েছে, ঘন কুয়াশায় গন্তব্যস্থল গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি উড়োজাহাজটি। তাই ঢাকায় অবতরণ করেছে। মুম্বাই যুব কংগ্রেসের প্রধান সুরাজ সিং ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য আমি ওই উড়োজাহাজে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশা থাকায় গুয়াহাটির স্থলে ঢাকায় উড়োজাহাজ অবতরণ করেছে। পাসপোর্ট ছাড়াই আমরা ঢাকায় চলে এলাম।’
যাত্রীরা এখনো উড়োজাহাজে আছেন জানিয়ে ঠাকুর আরও লেখেন, ‘৯ ঘণ্টা ধরে আমি উড়োজাহাজে আটকা ছিলাম। মণিপুরে (ইম্ফল) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাওয়ার কথা ছিল আমার। কিন্তু ঘন কুয়াশা থাকায় তাতে শামিল হতে পারিনি। এখন দেখা যাক, কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’

নিজস্ব প্রতিবেদক 




























