ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার অভিজাত ক্লাবে নাম লেখাচ্ছেন তিনি।
দীর্ঘ ১৯ বছরের এই ক্রিকেটীয় পথচলায় অসংখ্য উত্থান-পতন, সংগ্রাম আর সাফল্যের মধ্য দিয়ে অর্জিত তার এই কীর্তি শুধু ব্যক্তিগত নয়, এটি দেশের ক্রিকেট ইতিহাসেরই এক গর্বের অধ্যায়।
মুশফিকের এই বিশেষ মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল।
ছেলেবেলা থেকে একসঙ্গে ক্রিকেট খেলা, বয়সভিত্তিক দলে পথচলা এবং জাতীয় দলে এক যুগের বেশি সময় ধরে রুমমেট থাকার স্মৃতিচারণ করে সাবেক অধিনায়ক তামিম তার শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। তুই প্রথম- এটা তোরই প্রাপ্য।’
উল্লেখ্য, আগামীকাল শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারলন্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এটিই মুশফিকের শততম টেস্ট এবং বাংলাদেশের জন্য ২-০ ব্যবধানে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ।

নিজস্ব প্রতিবেদক 






















