ডেস্ক রিপোর্ট : লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ ঘিরে দেশটিতে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোরে হতে যাওয়া ম্যাচটি ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ উপস্থিতি হতে যাচ্ছে।
তবে বিদায়ী ম্যাচের আগে মাঠের বাইরের বিতর্কও ক্রমেই বাড়ছে।
এর আগে আফ্রিকার আরেক দল বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ নিয়েও তৈরি হয়েছিল নাটকীয়তা।
নির্ধারিত ফ্লাইটে বুয়েনস এইরেসে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বুরকিনা ফাসোর জাতীয় দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত তড়িঘড়ি করে তাদের অনূর্ধ্ব-২৩ দলকে পাঠানো হয়।
এবার মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিনও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলেছে।
ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে মরক্কোর বিমানবন্দর থেকে বুয়েনস এইরেসের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বুরকিনা ফাসোর জাতীয় দলের।
আর্জেন্টিনার পক্ষ থেকেই তাদের জন্য ইকোনমি ক্লাসের নির্ধারিত ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ফ্লাইটে যেতে অস্বীকৃতি জানান খেলোয়াড়রা।
পরিস্থিতি সামাল দিতে বুরকিনা ফাসোর ফুটবল ফেডারেশন তাদের অনূর্ধ্ব-২৩ দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর জন্য শেষ মুহূর্তে বাতিল করা হয় মালির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচও। বুরকিনা ফাসোর বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টায় আর্জেন্টিনায় পৌঁছানোর কথা ছিল। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়।
এবার বেনিনকে ঘিরেও দেখা দিয়েছে একই ধরনের অসন্তোষ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, আফ্রিকার তুলনামূলক ছোট ও আর্থিকভাবে দুর্বল ফুটবল ফেডারেশনগুলোর বিপক্ষে আর্জেন্টিনা নিয়মিত প্রীতি ম্যাচ খেলছে। এর পেছনে আর্থিক কারণ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দলের ম্যাচ ফি তুলনামূলক কম হওয়ায় এএফএর আয় বাড়ানোর সুযোগ থাকে বলে দাবি করা হয়েছে।
তবে বেনিনের অভিযোগ আরও বিস্তৃত। তাদের জন্য নির্ধারিত ভ্রমণ ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে অভিযোগ। নির্ধারিত সাধারণ ফ্লাইটে দীর্ঘ ভ্রমণের কারণে দলের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এমনকি জাতীয় দলের ভিডিও স্টাফের একজন সদস্য অজ্ঞানও হয়ে যান বলে জানা গেছে।
শুধু ভ্রমণ নয়, আবাসন নিয়েও অভিযোগ করেছে বেনিন। খেলোয়াড়দের জন্য যে হোটেলের ব্যবস্থা করা হয়েছে, সেটি বেশ জরাজীর্ণ বলেও দাবি তাদের। সেখানে অনুশীলনের জন্য কোনো ওজন তোলার কক্ষ বা প্রয়োজনীয় সুবিধা নেই।
অভিযোগ রয়েছে, হোটেলের একটি তলায় কোনো গরম পানির ব্যবস্থাও নেই। এমনকি হোটরের সনাও অচল অবস্থায় রয়েছে, ফলে সেটিও ব্যবহার করতে পারছেন না দলের সদস্যরা।
মেসির শেষ ম্যাচকে ঘিরে যখন আর্জেন্টিনায় উৎসবের আবহ, তখন বেনিনের এসব অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে ম্যাচ আয়োজনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। বেনিনের প্রশ্ন, মেসির মতো বিশ্বতারকার শেষ ম্যাচকে কেন্দ্র করে যে বিপুল অর্থের লেনদেন হচ্ছে, তার কতটা প্রতিপক্ষ দলের সুযোগ-সুবিধায় ব্যয় হচ্ছে এবং বাকিটা যাচ্ছে কোথায়?

নিজস্ব প্রতিবেদক 



























