ডেস্ক রিপোর্ট : আইএল টি-টোয়েন্টিতে আবারও আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল রাতে আবু ধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানে হারিয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। ব্যাট হাতে রভম্যান পাওয়েল আর জর্ডান কক্সের ঝড়ের পর বল হাতে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং দলকে এনে দিয়েছে বড় জয়।
আগে ব্যাট করে শুরুতে দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও মাঝের ওভারে ম্যাচের চিত্র পাল্টে দেন পাওয়েল ও কক্স। দুজনের ব্যাটে আসে বিধ্বংসী রানের ঝড়। পাওয়েল অপরাজিত থাকেন ৫২ বলে ৯৬ রানে, কক্স খেলেন ৩৬ বলে ৫২ রানের ইনিংস। এই দুজনের উপর ভর করে ৬ উইকেটে ১৮৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দুবাই ক্যাপিটালস।
জবাবে আবু ধাবি ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দেন ডেভিড উইলি। দ্বিতীয় ওভার হাতে নিয়েই আক্রমণে আসেন মোস্তাফিজ। প্রথম দুটি বল সামলানোর পর ফিল সল্ট তাকে চার মারেন, কিন্তু কাটারের পরবর্তী বলেই উন্মুক্ত চাঁদকে কিপারের হাতে ক্যাচ বানিয়ে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে সল্ট তার ওপর চড়াও হলেও এবারও স্লোয়ার বলে বিভ্রান্ত করে তাকে সাজঘরে ফেরান তিনি। তিন ওভারে মাত্র ২২ রান দিয়ে মোস্তাফিজের ঝুলিতে আসে দুটি উইকেট।
দুবাইয়ের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নেওয়ায় বড় সংগ্রহের পিছু ছুটতেই পারেনি আবুধাবি। আফগান বাঁহাতি রিস্ট স্পিনার ওয়াকার সালামখিল ৩.৩ ওভারে ৪ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। শেষ পর্যন্ত ১০৩ রানে থেমে যায় আবুধাবির ইনিংস।
প্রথম দুই ম্যাচে হারার পর অবশেষে জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস। অভিষেকে দুই উইকেটের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ বোলিংয়ে নজর কাড়লেন মোস্তাফিজ।

নিজস্ব প্রতিবেদক 






















