ডেস্ক রিপোর্ট :: রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
এই ঘটনাকে মোস্তাফিজের প্রতি ‘চরম অন্যায়’ হিসেবে অভিহিত করে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভারতের বিরুদ্ধে আরও সাহসী ও জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে আকরাম খান বলেন, ‘মোস্তাফিজ কেকেআরে সুযোগ পাওয়ায় আমি এবং দেশের অধিকাংশ সমর্থক উচ্ছ্বসিত ছিলাম। কলকাতা বাঙালি প্রধান জায়গা এবং শাহরুখ খানের দল হওয়ায় আলাদা আবেগ কাজ করছিল।
ভেবেছিলাম খেলার মাধ্যমে দুই দেশের বর্তমান দূরত্ব ঘুচে যাবে। কিন্তু তাকে বাদ দেওয়াটা কেবল অনভিপ্রেত নয়, এটি তার প্রতি স্পষ্ট অন্যায়।’
বর্তমান সংকটে বিসিবির জোরালো ভূমিকা দেখতে চেয়ে আইসিসি ট্রফিজয়ী এই অধিনায়ক বলেন, ‘বিসিবির উচিত ছিল অনেক আগে থেকেই এসব বিষয়ে কাজ করা। এখন আমাদের নিজেদের কথাগুলো অনেক জোরালোভাবে বলতে হবে।
ভারতকে ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না, বরং সাহসের সঙ্গে আমাদের দাবিগুলো উপস্থাপন করতে হবে। আইসিসি চুপ থাকলেও আমাদের নিজেদের স্বার্থ রক্ষায় কথা বলতে হবে।’
রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ক্রিকেটে পড়ছে উল্লেখ করে আকরাম খান আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে ভবিষ্যতে ভারত হয়তো বাংলাদেশে খেলতে চাইবে না কিংবা টাইগারদের আমন্ত্রণ জানাবে না। আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আইসিসি ফিফার মতো অতটা শক্তিশালী নয় যে এসব ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেবে।
’
আকরাম খানের সুরেই সুর মিলিয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ আশরাফুল ও রাজিন সালেহ। সুজন বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং রাজিন সালেহ একে ‘জাতীয় অপমান’ হিসেবে দেখছেন। তাদের মতে, একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলের ভারত সফরে যাওয়া ঝুঁকিপূর্ণ।
মোস্তাফিজের এই ইস্যু নিয়ে দেশের ক্রিকেট মহলে এখন আইপিএল ও বিসিসিআই-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আইনি ভিত্তি পর্যালোচনার কথা জানিয়েছেন।
অন্যদিকে বিসিবি ও আইসিসির কাছে বিশ্বকাপের নিরাপত্তা ও মোস্তাফিজ ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 






















