ডেস্ক রিপোর্ট : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষ দিকে এসে শিরোপার লড়াই জমে উঠছে। শিরোপা প্রত্যাশী বেশ কয়েকটি দল নিজেদের শক্তি বাড়াচ্ছে।
অষ্টম রাউন্ডে মোহামেডানের জার্সিতে খেলেছেন নাহিদ রানা। নবম রাউন্ডে আবাহনীর তাবুতে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।
যদিও গুঞ্জন উঠেছিল, মোহামেডানের জার্সিতে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে। তবে শেষ পর্যন্ত সব আলোচনা পেছনে ফেলে আবাহনীর তাবুতেই যোগ দিলেন তিনি।
আবাহনীর টিম ম্যানেজমেন্ট বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগ এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে মাঠে গড়াচ্ছে।
ফলে সুপার লিগ হচ্ছে না। ক্লাবগুলো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে ১১ ম্যাচ খেলেই শিরোপা নিশ্চিত করতে হবে ক্লাবগুলোকে।
গতকাল অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আগামী শুক্রবার নবম রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলবে আবাহনী। তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে এটিই হবে তার প্রস্তুতির মঞ্চ।
গত ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মোস্তাফিজ। দীর্ঘ বিরতির পর ডিপিএলের ম্যাচটিকে ম্যাচ ফিটনেস যাচাইয়ের সুযোগ হিসেবে পাচ্ছেন বাঁহাতি এই পেসার।
অষ্টম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবকে ১৭৩ রানে হারিয়ে আত্মবিশ্বাসী আবাহনী এখন শীর্ষে থাকা মোহামেডানের পিছু নিয়েছে। এমন সময়ে মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির জন্য বাড়তি প্রেরণা হিসেবেই কাজ করবে।
আট রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগামী শুক্রবার রূপগঞ্জকে হারাতে পারলে মোহামেডানের সঙ্গে আবাহনীর শিরোপার লড়াই আরও জমে উঠবে।
মোস্তাফিজকে যদিও বাকি ম্যাচগুলোতে পাবে না আবাহনী। কেননা ৬ জুন ঢাকায় চলে আসবে অস্ট্রেলিয়া দল। ৯ জুন থেকে মিরপুরে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। আবাহনীর সঙ্গে চুক্তি হলেও শেষের দুই ম্যাচ খেলার সুযোগ হারাবেন মোস্তাফিজ। কারণ কোনোভাবেই বাঁহাতি এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ দল।
আবাহনীর এক কর্মকর্তা সেটাই বললেন, ‘মোস্তাফিজকে পেলেও কেবল এক ম্যাচের জন্যই পাচ্ছি। শুক্রবার সে খেলবে। এরপর তাকে পাওয়ার সম্ভাবনা নেই, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ চলবে। তবে শুনেছি লিগ কিছুদিন পিছিয়ে দিতে পারে। কিন্তু সেটি কত দিন পেছাবে? যদি পুরো সিরিজ পর্যন্ত পেছানো হয়, সেক্ষেত্রে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে।’

নিজস্ব প্রতিবেদক 



























