স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলায় ডিজেল, পেট্রোল ও অক্টেন অবৈধভাবে মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
আজ বুধবার সদর উপজেলার আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের কাগাবলা বাজার এবং খুশালপুর বাজারে পরিচালিত অভিযানে এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় ৪টি দোকানকে মোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন। অভিযানকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 






















