মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুইটি সফল অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ মোট ০৮ জন চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম। এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয় এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।
গত ২০/০৬/২০২৬ খ্রি. রাত ২২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই/ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। পরবর্তীতে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮,৬৫,৮২২/- টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। উক্ত ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৭, তারিখ: ২১/০৬/২০২৬, ধারা- 25D/25B(b), The Special Powers Act, 1974 রুজু করা হয়।
পরবর্তীতে ২১/০৬/২০২৬ খ্রি. সকাল ০৮:০৫ ঘটিকায় একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী KAFI TRAVELS এর একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং: ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। উক্ত বাসটির আনুমানিক মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা নং-২৮, তারিখ: ২১/০৬/২০২৬, একই ধারায় মামলা রুজু করা হয়।
উভয় অভিযানে মোট ০৮ (আট) জন আসামি গ্রেফতার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনামুল হক আলম বার্তা সম্পাদক 
























