বিনোদন ডেস্ক :: একজন চলচ্চিত্রের নায়ক, অন্যজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। দুজনই এখনও বিয়ে করেননি।
দর্শকদের কাছে দীর্ঘদিন ধরেই তারা ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত। এবার প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও অভিনেতা আব্দুন নূর সজল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা টিভি’র জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন সজল। অনুষ্ঠানের ইতিহাসে এটিই প্রথমবার, যখন এই দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখা যাবে।
জানা গেছে, দুই ভিন্ন মাধ্যমের এই দুই তারকা এবার নিজেদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছেন।
অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান, এটি তাদের প্রথম মুখোমুখি আড্ডা।
তার ভাষ্য, সজলের সঙ্গে অনেক খুনসুটি হয়েছে। জনপ্রিয় গান ‘কন্যা’র সঙ্গে তারা একসঙ্গে পারফর্মও করেছেন। পাশাপাশি আড্ডার ফাঁকে সজল তার জীবনের অনেক অজানা অভিজ্ঞতা ও গল্প শেয়ার করেছেন।
জানা গেছে, অনুষ্ঠানে সজল তার দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। দর্শকরা তার জীবনের কিছু অজানা দিক সম্পর্কেও জানতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, দুই জনপ্রিয় তারকার প্রাণবন্ত উপস্থিতি, হাস্যরস ও আন্তরিক কথোপকথনে ভরপুর এই পর্বটি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বটি আগামী শুক্রবার, ৫ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভিতে প্রচারিত হবে। টেলিভিশনের পাশাপাশি অনুষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক 






















