ডেস্ক রিপোর্ট::বেলগোরোদ শহরে ইউক্রেনের ভয়াবহ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। খবর: বিবিসির।
বেলগোরোদ শহরের গভর্নর জানিয়েছেন, শনিবার (৩০ ডিসেম্বর) ইউক্রেনের ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তবে ইউক্রেনের একটি সামরিক সূত্র দাবি করেছে, শুধু রাশিয়ার সামরিক স্থাপনাগুলো ছিল এই হামলার লক্ষ্যবস্তু।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় ৩৯ জন নিহত হন। কিয়েভের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত এটাই রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা। শুক্রবার সকালের দিকে একসঙ্গে রাজধানী কিয়েভ, ওডেসা, দিনিপ্রপেত্রভস্ক, খারকিভ এবং লভিভে হামলা চালায় রুশ বাহিনী। এতে ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ‘রাশিয়ার অস্ত্রাগারে যত গোলাবারুদ-ক্ষেপণাস্ত্র ছিল, তার প্রায় সবই উজাড় করে দিয়েছে রুশ বাহিনী। অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র এবং অজস্র ড্রোন ছোড়া হয়েছে ইউক্রেনকে লক্ষ্য করে। তবে আমরা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছি। ’
জেলেনস্কি দাবি, ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে রাতভর ছোড়া বেশিরভাগ মিসাইল ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর পরও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ভয়াবহ হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ভিক্টর কোবজিস্তি ও কোচ আন্তন নিকুলিন। জাপোরিঝিয়াতে ৫৩ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইউক্রেনের ছয়টি শহরকে লক্ষ্য করে এ হামলা শুরু করে রাশিয়ার। যা সারারাত ধরেই চলে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো লক্ষ্য করে অনবরত ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে তাদের বিমান বাহিনীর সেনারা ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ওই হামলার একদিন পরই রাশিয়ায় ভয়াবহ হামলা চালালো ইউক্রেন।
মস্কোর অভিযোগ, বেলগোরোদের হামলায় ইউক্রেনের ‘ওলখা’ এবং চেক রিপাবলিকের তৈরি ‘ভ্যাম্পায়ার’ রকেট ব্যবহার করা হয়েছে।
ইউক্রেনের একটি সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, রাশিয়ার লক্ষ্যবস্তুতে তারা ৭০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের শহর ও বেসামরিক মানুষের ওপর রাশিয়ার ওই ভয়াবহ ‘সন্ত্রাসী’ হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে এই হামলার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতি দিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। রাশিয়ার অনুরোধে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক 
























