বিনোদন ডেস্ক:সামনে দাঁড়িয়ে শাহরুখ খান– একের পর এক চড় মারা হচ্ছে তাকে। সবটা হজম করছেন তিনি। মুখ ফুটে কিছুই বলছেন না। হাসিমুখে মেনে নিচ্ছেন। কিন্তু যিনি চড় মারছেন, এক সময় ধৈর্যের বাঁধ ভাঙল তার। আর পারলেন না, হাউহাউ করে কেঁদে ফেললেন নায়িকা। কী ভাবছেন, কোন সিনেমার দৃশ্য?
সিনেমাটির নাম ‘কাভি হাঁ কাভি না’। এই সিনেমার কারণেই অগুনতি চড় খেতে হয়েছিল শাহরুখকে। আর চড় মেরেছিলেন নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি।
কী ঘটে সেদিন সিনেমার সেটে? বহু বছর বাদে সে কথাই শেয়ার করেছেন নায়িকা। সুচিত্রা জানান, প্রথম টেকে শাহরুখকে ভালো ভাবে চড় মারতে পারেননি তিনি। পরিচালকের নির্দেশে চড় মেরেই যেতে হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের এক প্রতিবেদনে জানানো হয়, নায়িকায় কথায়, ‘কোনো চড়ই কিন্তু মিথ্যে ছিল না। এক পর্যায়ে গিয়ে আমি কাঁদতে শুরু করি, কারণ আমি আর পারছিলাম না। পরিচালক সমানে বলেছিল যে আসল দেখতে লাগবে। আর শাহরুখ এতটাই ভদ্র যে, ও কিছু বলেনি। কিন্তু আমি পরিস্কার দেখতে পাচ্ছিলাম ও ক্রমশ পিছিয়ে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি খুব সাধারণ মানুষ। সাধারণ কোনো মানুষ তো গিয়ে মারতে শুরু করে না। শাহরুখ পেশাদার, কিন্তু আমি পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম।’
প্রসঙ্গত, ২৯ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ব্যাপক হিট হয়েছিল। এতে শাহরুখ ও সুচিত্রা ছাড়াও ছিলেন দীপক তিজোরি ও নাসিরুদ্দিন শাহ। খুব ছোট বাজেটে তৈরি হয়েছিল এই সিনেমা। গোয়া ট্যুরিজমে এক গেস্টহাউজে রাখা হয়েছিল তাদের। ঘরও খুব ভালো ছিল না। কোল্ড ড্রিঙ্কস ও স্যান্ডউইচের জন্যও পয়সা ছিল না। তবু ছিল আনন্দ, একসঙ্গে কাজ করার উত্তেজনা, এমনটাই জানিয়েছেন টিমের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক 
























