শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বি-চক এলাকায় একটি বসতঘরে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত নগদ অর্থ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত ৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে টিকরিয়া বি-চক এলাকার বাসিন্দা মো. আল আমিনের বসতঘরে চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এসআই সুজন কান্তি পাল। স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে জামাল মিয়া (২৭), মোশারফ হোসেন (২৬), রনি মিয়া (২৪), শুভ মিয়া (২৭) এবং আল-আমিন (৩০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরিকৃত নগদ ৫ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা নং-০৯, তারিখ ৬ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























