সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেকজন মারা যান।
বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সায়েদ নূর মিয়ার ছেলে। দুর্ঘটনায় বুধবার (৭ জুন) সায়েদ নূর নিহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বুধবার ১৪ জন মারা যান। বৃহস্পতিবার ভোরে বাদশা মিয়া নামে আরেক যুবক মারা গেছেন। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক 






















