ডেস্ক রিপোর্ট : কোয়ারি থেকে পাথর উত্তোলন চালুর দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। আজ সোমবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।
সরেজমিন দেখা গেছে, সকাল থেকে জেলার কোনো স্থান থেকে ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে ট্রাক টার্মিনালসহ বিভিন্নস্থানে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
এদিকে ধর্মঘটের বিষয়টি নিয়ে গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সে বৈঠকে বিষয়টির কোনো সমাধান হয়নি। শ্রমিক নেতাদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন তারা।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘শ্রমিকার শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছেন।’
তিনি বলেন, ‘৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহণে ভাটা পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।’
সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে বছরের পর বছর ধরে সারা দেশে পাথর সরবরাহ করা হয়ে আসছিল। গত ৫ বছর ধরে কোয়ারি বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকরা চরম সংকটে পড়েন। ব্যবসা বাণিজ্য পরিবহন সর্বক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন কোয়ারি সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে যাবেন কমিটির সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক 

























