ডেস্ক রিপোর্ট :: মাঠের ভেতরে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা কাটছে স্বপ্নের মতো, কিন্তু মাঠের বাইরে এক ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়েছেন তিনি। পর্তুগালের মাদেইরাতে অবস্থিত ‘সিআর সেভেন’ মিউজিয়ামের সামনে রোনালদোর আইকনিক ব্রোঞ্জ ভাস্কর্যে আগুন ধরিয়ে দিয়েছে এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদেইরা পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভাস্কর্যের ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এবং অদ্ভুতভাবে র্যাপ মিউজিকের তালে নাচছে।
নিজেকে ‘স্থানীয় ব্যক্তি’ হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কতা।’ ২০১৪ সালে রোনালদো নিজে এই ভাস্কর্যটি উন্মোচন করেছিলেন। যদিও আগুন দ্রুত নিভে যাওয়ায় ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্য রোনালদোর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। সৌদি প্রো লিগে গতকাল রাতে দামাক এফসির বিপক্ষে ২-১ গোলের জয়ে আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে নিজের ক্যারিয়ার গোলসংখ্যাকে ৯৬০-এ নিয়ে গেলেন এই পর্তুগিজ মহাতারকা। লক্ষ্য এখন হাজার গোলের মাইলফলক।
দামাকের বিপক্ষে গোলটি করে রোনালদো আল নাসরের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। ক্লাবটির হয়ে ১৩১ ম্যাচে এখন তার গোল সংখ্যা ১১৬টি। এর মাধ্যমে তিনি মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫ গোল) ছাড়িয়ে আল নাসরের হয়ে ইতিহাসের সফলতম বিদেশি গোলদাতা হওয়ার গৌরব অর্জন করলেন।
বর্তমানে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর ওপরে আছেন কেবল দুজন:
মাজেদ আবদুল্লাহ: ২৫৯ গোল (শীর্ষে)
মোহাম্মাদ আল সাহলাউই: ১৩১ গোল (দ্বিতীয়)
চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৬ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও সবার ওপরে আছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। তার এমন ছন্দে ফেরার রাতে আল নাসরও লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



























