ডেস্ক রিপোর্ট :: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে কার্যকরভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সমন্বিত ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এ বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি ক্রীড়াকে কূটনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সেতুবন্ধন হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক উপস্থিতি আরও দৃশ্যমান করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 























