হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ৯০ কেজি বাংলাদেশি রাবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী খোয়াইফ্রন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে মাদক পাচারকারীরা বস্তায় করে মালামাল নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়া আগের দিন বুধবার (৭ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৯০ কেজি বাংলাদেশি রাবার ও একটি বাইসাইকেল জব্দ করে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার টাকা।
এদিকে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
























